নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও রাজধানীর কাকরাইল এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। তাদের মধ্যে তিন জন আনসার আল ইসলাম ওরফে আনসারুল্লাহ বাংলা টিমের দাওয়াতি সদস্য এবং অপর একজন হচ্ছেন জেএমবি’র দাওয়াতি শাখার শীর্ষ স্থানীয় নেতা। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল, চারটি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় র্যাব-১১’র প্রধান কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কাকরাইল এলাকা থেকে জেএমবির দাওয়াতি শাখার শীর্ষ স্থানীয় নেতা শায়খ কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে র্যাবের হাতে গ্রেফতার হন। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানায় নাশকতার অভিযোগে দায়েরকৃত একটি মামলার পলাতক আসামি।
র্যাব আরও জানায়, শুক্রবার মধ্য রাতে র্যাব-১১’র অপর একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্ক এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলাম ওরফে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সক্রিয় সদস্য রেজাউর রহমান, মোবারক হোসেন ও আবু রায়হান চৌধুরীকে গ্রেফতার করে। এসময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপন করে সংগঠনের জন্য নতুন কর্মী সংগ্রহ করাসহ বিভিন্ন সাংগঠনিক কাজ চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র্যাব জানায়।
আরও পড়ুন: আউশ ধান চাষে কৃষকদের উৎসাহিত করার আহ্বান কৃষিমন্ত্রীর







