বিএনপি ক্ষমতায় থাকলেও দেশের কোনও কাজ করেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে না এসে নির্বিচারে মানুষ হত্যায় লিপ্ত থাকে। তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে, কিন্তু দেশের কোনও উন্নয়ন হয়নি। তারা আসলে দেশের জন্য কোনও কাজই করেনি। তারা নিজেদের পকেট ভারি করতেই ব্যস্ত ছিল।’
বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার অ্যালেঙ্গার জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন তিন তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে মুস্তফা কামাল বলেন, ‘বঙ্গবন্ধু এ দেশের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন। তিনি সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন। কিন্তু আজও আমাদের অর্থনৈতিক মুক্তি আসেনি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে দিনরাত পরিশ্রম করে চলেছেন। যারা এ দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও জাতির পিতাকে স্বীকার করে না, তাদের দেশের প্রতি কোনও মমত্ববোধ নেই। তাদের দিয়ে এ দেশের উন্নয়ন হবে না। আমরা চাই সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে।’
সুশাসন ছাড়া উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের দেশে গণতন্ত্র এসেছে স্বাধীনতার পরই। কিন্তু আজও সেই গণতন্ত্র বিকশিত হয়নি।’
অর্থনীতিবিদ ও জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ শাহীনা আক্তার প্রমুখ।
পরে মন্ত্রী অ্যালেঙ্গা বালক উচ্চ বিদ্যালয় মাঠে কালিহাতী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অ্যালেঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়রের সংবর্ধনা অনুষ্ঠান ও জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
আরও পড়ুন-
রোহিঙ্গা প্রত্যাবাসনে সমঝোতা স্মারক সই করেছে ইউএনএইচসিআর






