গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার উপর দিয়ে বয়ে যায় কাল বৈশাখী ঝড়। মাত্র ১৫ মিনিট স্থায়ী এ ঝড়ে অসংখ্য গাছ ভেঙে ও উপড়ে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়।
এছাড়া কোথাও কোথাও বিদ্যুতের ঘুটি উপড়ে পড়ে ও গাছের ডালপালা ভেঙে বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হলেও গ্রাম এলাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে ঝড়ের কারণে উঠতি বোর ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী জানান, ঝড়ের কারণে উঠতি পাকা বোরো ধানসহ ফসলের ক্ষতি হয়েছে। তবে জমির ৮০ ভাগ ধান পেকে গেলে আমারা ঝড়ের হাত ঝড় বা যে কোন প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচাতে কৃষকদেরকে আগে ভাগে ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছি।






