নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে টেঁটা সংঘর্ষে নারীসহ ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের চরদীঘলদি ইউনিয়নের অনন্তরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নরসিংদীর মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে চরদীঘলদি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মিয়া চাঁন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। এর সূত্র ধরে মঙ্গলবার সকালে অনন্তরামপুর বাজারের চা স্টলে দুইপক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুইপক্ষের সমর্থকরা টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষে ৩৫ জন আহত হয়। পরে টেঁটাবিদ্ধ অবস্থায় ১৮ জনকে নরসিংদী সদর হাসপাতালে ও ১৫ জনকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইলিয়াছ জানান, সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আরও জানান, দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। আজ তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটির জের ধরে এ সংঘর্ষ ঘটে।







