গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমিকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় কাপাসিয়া থানায় সাধারন ডায়েরি (জিডি) করা হয়েছে। রবিবার রাতে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদী হয়ে কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লাসহ ১৬ জনকে অভিযুক্ত করে এ জিডি করা হয়েছে।
বাকি অভিযুক্তরা হলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলম আহমেদ (৫৩), কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা (৬২), কাপাসিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি আইন উদ্দিন (৬৫), সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু (৫০), যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক চৌধুরী আইয়ুব (৪৫), কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কনকসহ (৪৫) অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
থানায় দায়ের করা সাধারন ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, শুক্রবার (১জুন) বিকেলে কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা আলম আহমেদ উপজেলার দক্ষিণগাঁও গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে উষ্কানিমূলক বক্তব্য দেন। এতে তিনি স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমিকে হত্যা এবং কাপাসিয়া থেকে তাকে বিতাড়িত করার হুমকি দেন। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকসহ এমপি রিমিকে ঈদের পর সময় সুযোগ মতো শায়েস্তা করবে বলেও সংবাদ সম্মেলনে হুমকি দেন।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল কড়িহাতা ইউনিয়ন কৃষক লীগ (আলম আহমেদ অনুসারী) আয়োজিত ‘সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রচার’ সভার পাশে পাল্টা কর্মসূচি দেয় এমপি সমর্থিত ইউনিয়ন ছাত্রলীগ। স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করে।
গত বৃহস্পতিবার (৩১ মে) বারিষাব ইউনিয়নের গাওরার কাজীবাড়ী ঈদগাহ মাঠে ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে (আলম আহমেদ অনুসারী) উন্নয়নমূলক প্রচার সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানেও এমপি সমর্থিত ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে তিনটি মাইক্রোবাস ও মঞ্চ ভাঙচুরসহ ইফতার ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে আলম আহমেদের সমর্থকেরা। এ ঘটনার পর কাপাসিয়ায় আওয়ামী লীগ ও কৃষকলীগ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ, থানায় মামলা দায়ের, সভা সমাবেশে হামলা, ভাঙচুর ও পাল্টাপাল্টি কর্মসূচিসহ ১৪৪ ধারা জারি মতো ঘটনা ঘটেছে।
বছরখানেক ধরে স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমির সমর্থকদের সঙ্গে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ এবং কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লার সমর্থকদের দলীয় বিভিন্ন কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে।






