মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলা বিএনপির নতুন কমিটি দলের গঠনতন্ত্র অনুযায়ী গঠন না করার অভিযোগে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি করেন বাদ পড়া কমিটির সভাপতি খান মনিরুল মনি পল্টন। এ মামলায় নতুন কমিটির সভাপতি আমির হোসেন দোলন ও সাধারণ সম্পাদক আখতার হোসেন মোল্লাকেও বিবাদী করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে টংগিবাড়ী সহকারী জজ আদালতে এই মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গৌতম চন্দ্র দাস।
আদালতের সিনিয়র সহকারী জজ মো.একরামুল কবির মামলাটি আমালে নিয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে বিএনপি মহাসচিবকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন বলে তিনি জানান।
খান মনিরুল মনি পল্টন জানান, অগণতান্ত্রিক ও গঠনতন্ত্র বহির্ভূতভাবে পার্টির মহাসচিব চলমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি দিতে পারেন না। পুরনো কমিটি বলবৎ এবং নতুন কমিটির কার্যক্রম স্থগিত রাখার জন্য তিনি এই মামলা করেছেন।
উল্লেখ্য, বুধবার (১৮ জুলাই) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আড়িয়ল-বালিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হোসেন দোলনকে সভাপতি এবং ধীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিটি কলেজের সাবেক এজিএস আখতার হোসেন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।







