মাদারীপুরে থ্রি-হুইলারের ধাক্কায় কামরান খান নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে মাদারীপুরের শিবচর-পাঁচ্চর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরান খান শিবচর পৌর এলাকার খানকান্দি গ্রামের আলতাফ হোসেন খানের ছেলে।
স্বজনরা জানায়, শিবচর পৌরসভার খানকান্দি নিজ বাড়ি থেকে শিবচর বাজারে যাওয়ার পথে দাদা ভাই উপশহরের কাছে একটি থ্রি-হুইলার দোকান কর্মচারী কামরান খানকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কামরান খানকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। কামরানের মৃত্যুর সংবাদে এলাকাবাসী শিবচর-পাঁচ্চর সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে।
শিবচর থানার ওসি (তদন্ত) শাহজাহান মিয়া বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক করে।’






