গাজীপুরে শ্রেণী কক্ষের বেঞ্চে বসাকে কেন্দ্র করে সহপাঠীর ছুরিকাঘাতে মিরাজুল ইসলাম মিরাজ (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। নিহত মিরাজ গাজীপুর মহানগরের যোগীতলা এলাকার আমজাদ হোসেনের ছেলে এবং চান্দনা এলাকার এম এ রাজ্জাক দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় পুলিশ সহপাঠী মনোয়ার হোসেন মনুকে আটক করেছে।
নিহতের বাবা আমজাদ হোসেন জানান, শ্রেণী কক্ষের বেঞ্চে বসা নিয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরাজুল ইসলামের সঙ্গে তার সহপাঠী মনোয়ার হোসেন মনুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিরাজকে মারধোর করে এবং তার বুকে ছুরিকাঘাত করে মনু। আশঙ্কাজনক অবস্থায় মিরাজকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মাদ্রাসার অন্য ছাত্র এবং শিক্ষকরা মনুকে ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করে।
গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রণয় ভূষণ সাহা জানান, মিরাজকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, ছাত্র এবং শিক্ষকরা মনুকে ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে।







