কোনও পুলিশ সদস্যের মাদকের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘পুলিশের ব্যক্তিগত অপরাধের দায় জেলা পুলিশ বহন করবে না। অপরাধ করলে শাস্তি পেতে হবে। মাদকের ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।’ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের লাউঞ্জ রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় সাংবাদিকরা নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, ইদানীং দেখা যাচ্ছে পুলিশের কিছু সদস্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকদের পক্ষ নিয়ে নিরীহ মানুষের জমি দখলে সহযোগিতা করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সাংবাদিকরা আশঙ্কা করছেন, এসব বন্ধ না হলে জেলা পুলিশের ভাবমূর্তি নষ্ট হবে।
জবাবে পুলিশ সুপার বলেন, ‘কেউ যদি লিখিত অভিযোগ দেয়, তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ সাংবাদিক যদি একসঙ্গে কাজ করে তবে সে জেলায় অপরাধ অনেক কমে আসবে।’
তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, ‘রাজনৈতিক নেতারা যদি কোনও অনুষ্ঠানে গিয়ে মাদকের বিরুদ্ধে ১০/১৫ মিনিট করে কথা বলেন তবে এর প্রভাব সমাজে পড়বে। আগামী প্রজন্ম মাদকের ছোবল থেকে রক্ষা পাবে।’
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাছুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ, আরিফ আলম দীপু, সিনিয়র সাংবাদিক বিমান ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য আমির হুসাইন স্মিথ, সাংবাদিক আহসান সাদিক শাওন, শওকত আলী সৈকত, বুলবুল আহমেদ সোহেলসহ অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন, ইমরান হোসেন সিদ্দিকী, নারায়ণগঞ্জ সদর থানার ওসি কামরুল ইসলাম।







