গাজীপুরে নির্মাণাধীন নিজ বাড়ির ছাদ থেকে ঢাকা পলিটেকনিক কলেজের ছাত্র ইমতিয়াজ উদ্দিন ইফতির (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমতিয়াজ মহানগরের পূবাইল থানার নন্দীপাড়া এলাকার মৃত সামছু উদ্দিনের ছেলে। শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুঁইয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, নন্দীপাড়া থেকে দেড় কিলোমিটার দূরে পাশের হায়দারাবাদ এলাকায় ইফতিদের একটি নতুন বাড়ি তৈরি করা হচ্ছে। ইফতি নির্মাণ সামগ্রী পাহারা দেওয়ার জন্য রাতে সেখানে থাকতেন।
স্থানীয় কাউন্সিলর আব্দুস সালাম জানান, শুক্রবার রাতে ইমতিয়াজ তাদের নির্মাণাধীন বিল্ডিংয়ে নির্মাণ সামগ্রী পাহাড়া দিতে ওই বিল্ডিংয়ের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ইফতি বাড়ি না ফেরায় তার মা নির্মাণাধীন বাড়িতে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ইফতির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) দিদার আলম জানান, শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ইমতিয়াজকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। নিহতের চোখের নিচে, ঠোঁটের নিচে, নাক ও গলা ও গালে ধারালো চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।







