একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে মানিকগঞ্জ-২ আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল ১০টায় প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা এস এম ফেরদৌস মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বিএনপির দু’প্রার্থীকে বাতিল ঘোষণা করেন।
তাদের মধ্যে বিএনপির মহাসচিবের স্বাক্ষর না মেলায় মানিকগঞ্জ-২ আসনের প্রার্থী সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম শান্ত’র মনোনয়নপত্র অবৈধ (বাতিল) ঘোষণা করা হয়। এছাড়া একই আসনে বিএনপির অপরপ্রার্থী আবিদুর রহমান খান রোমান যথাসময়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।
মনোনয়নপত্র অবৈধ ঘোষণার পরিপ্রেক্ষিতে বিএনপির প্রার্থী সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত জানান, দলীয় মনোনয়ন ফরমে দলের মহাসচিবের স্বাক্ষরের মিল না থাকায় তার মনোনয়ন পত্রটি অবৈধ ঘোষণা করলে তিনি জেলা রিটানিং অফিসারের কাছে মহাসচিবের সঙ্গে কথা বলে তার স্বাক্ষর ঠিক আছে কিনা সত্যতা যাচাইয়ের জন্য আবেদন করেন। কিন্তু রিটার্নিং অফিসার তার নিবেদনে কর্ণপাত করেননি। এ বিষয়ে তাকে নির্বাচন কমিশনে আপিলের জন্য বলা হয়।’
এ ব্যাপারে বিএনপির ওই প্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত জানান, তিনি খুব শিগগিরই এ ব্যাপারে আপিল করবেন। অপর প্রার্থী আবিদুর রহমান রোমান জানান, মনোনয়নপত্র দাখিলের আগেই তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে তার উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ পত্র দাখিল করেছেন। তিনি তার মনোনয়ন পত্র বৈধ করতে নির্বাচন কমিশনে আাপিল করবেন বলে জানান।
উল্লেখ্য এই আসনে এই দুজনসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে রবিবার যাচাই বাছাইয়ে জাতীয় পার্টির প্রার্থীসহ আরও দু’জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।







