ঢাকা-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী সুলতান আহমেদ খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৭ ডিসেম্বর) ইসিতে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ করা করা হয়। প্রার্থী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ডিসেম্বর ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের অফিস কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তার মনোনয়নপত্রের গ্র্যান্টারের ব্যাংক ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়। পরে তিনি ওই গ্র্যান্টারের ব্যাংক ঋণ পরিশোধ করে ইসিতে আপিল করেন। ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপিত ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা কমিটির সভাপতি সুলতান আহমেদ খানের প্রার্থিতা ইসিতে আপিলে বহাল হওয়ায় নেতাকর্মীরা এখন স্বস্তি ফিরে পেয়েছে।
এ ব্যাপারে সুলতান আহমেদ বলেন, ‘মনোনয়নপত্রে আমি যাকে গ্র্যান্টার হিসেবে তার নাম দিয়েছিলাম সে ব্যাংক ঋণখেলাপি ছিলেন। কিন্তু আমি এই বিষয়টি জানতাম না। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঘটনাটি আমি জানতে পারি। পরে ওই ব্যক্তির ব্যাংক ঋণ দ্রুত পরিশোধ করে আমি ইসিতে আপিল করি।’








