ঢাকার কেরানীগঞ্জে ছয় হাজার চারশ‘ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর হোসেন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকার সুফিয়া বেগম নামে স্থানীয় এক নারীর বাড়ির পেছন থেকে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
আটক জাহাঙ্গীরের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ইছাপুরা গ্রামে। তার পিতার নাম কালু সরদার।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মাদক ব্যবসায়ীরা বীর বাঘৈর এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির জন্য মজুত রেখেছে। এই সংবাদের ভিত্তিতেই আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে সুফিয়া বেগমের বাড়ির পেছন থেকে জাহাঙ্গীর হোসেনকে আটক করি। এ সময় তার কাছ থেকে ছয় হাজার চারশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ ও সিরাজদিখান এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করছি। এই অভিযানে আমরা জাহাঙ্গীরকে আটক করেছি। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।’








