নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার মেয়র মোঃ সাদেকুর রহমান বাঁশবাহী একটি নসিম-করিমনের (ভটভটি) এক চালককে প্রকাশ্যে লাঠি দিয়ে পিটিয়েছেন। বারবার ক্ষমা চেয়েও রক্ষা পাননি ওই চালক। শনিবার সন্ধ্যায় উপজেলার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁও জাদুঘর) প্রধান ফটকের সামনে এ ঘটনাটি ঘটে। রাতে এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে যায়।
জানা গেছে, সোনারগাঁও পৌরসভার মেয়র মো. সাদেকুর রহমান শনিবার সন্ধ্যায় গাড়িতে চড়ে বাসায় ফিরছিলেন। এ সময় সোনারগাঁও জাদুঘরের সামনে বিপরীত দিক থেকে আসা বাঁশ বোঝাই একটি নসিমনের সঙ্গে তার গাড়িটির ঘষা লাগে। বাঁশের আঘাতে গাড়িটির এক পাশে আচর লেগে রং উঠে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সাদেকুর রহমান গাড়ি থেকে নেমে লাঠি দিয়ে ওই চালককে মারতে শুরু করেন।
অপরাধ শিকার করে মেয়রের পায়ে ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাননি ওই চালক। পরবর্তীতে মেয়রের সমর্থকেরাও ওই চালককে মারধর করে গাড়িসহ আটক করে রাখেন। ঘটনাটি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে পৌর মেয়র মোঃ সাদেকুর রহমান বলেন, গাড়িটি পৌরসভার। গাড়িটি আমি যত্ন করে রাখি। বাঁশভর্তি নসিমন গাড়িটি এসে বাঁশ দিয়ে গাড়িটির মাঝখান দিয়ে আঘাত করে। পরে আমি গাড়ি থেকে নেমে তাকে মারধর করেছি। পরে আবার আসার সময় ওই চালকের কাছে ক্ষমাও চেয়ে এসেছি।
তার দাবি, সামনে পৌরসভার নির্বাচন হওয়ায় তার প্রতিপক্ষরা এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল করেছে।







