ঢাকা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধের পক্ষের কিছু মানুষ বিশেষ স্বার্থ উদ্ধারের জন্য আজকে পথভ্রষ্ট হয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাত করছে। তারা নির্বাচনকে বিতর্কীত ও প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে। নির্বাচনকে সামনে রেখে এই অপশক্তি আবার মাঠে নেমেছে।’
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে কেরানীগঞ্জের হযরতপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল। সারাদেশে একসঙ্গে ৬৪টি জেলায় বোমা বিস্ফোরণ করা হয়েছিল। বিএনপি বাংলাভাই ও মুফতি হান্নানের জন্ম দিয়েছিল। বিদেশেও জঙ্গিবাদ আছে। কিন্তু তারা জঙ্গি দমনে সফলকাম হয়নি। আমাদের দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে সফল হয়েছে।’
কামরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতাকে যারা হত্যা করেছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ২১ আগস্ট যারা হত্যা করার চেষ্টা করেছিল সেই একই অপশক্তি এখনও নানা ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে তারা ভোট কারচুপি করবে। যারা ভোটকেন্দ্র পাহাড়া দেওয়ার নাম করে নির্বাচনের দিন হানাহানি সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে শক্তহাতে প্রতিহত করা হবে।’
হযরতপুর ইউয়িন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে এসময় বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম খান বারকু, যুবলীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম, আওয়ামী লীগ কেন্দ্রী উপ-কমিটির সহ-সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, আইকে শাহীন, হাজী আব্দুল মান্নানসহ অনেকে।







