২০১৮ সালের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (২ ফেব্রুয়ারি) খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে বিকাল থেকে প্রায় দুই ঘণ্টার মতো সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে পরে তারা সড়ক অবরোধ তুলে নেন।
খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের তথ্য মতে, ২০১৯ সালের এবারের এসএসসি পরীক্ষায় ওই পরীক্ষা কেন্দ্রে মোট ৬০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। শনিবার পরীক্ষার প্রথম দিনে তাদের মধ্যে বেশ কয়েকজনকে ২০১৮ সালের পুরাতন প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা চলাকালীন সময়ে এই সমস্যার প্রতিবাদ করলেও পরীক্ষা কেন্দ্র থেকে কোনও প্রকার সমাধান করা হয়নি। পরে পরীক্ষা শেষে শিক্ষার্থীরা একত্রিত হয়ে কালকিনি-খাসেরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় দুইঘণ্টা পরে জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, ওই পরীক্ষা কেন্দ্রের সচিব, পরীক্ষা কমিটি ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে সমাধানের জন্য ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়েছে। তিনি জানিয়েছেন, যে পরীক্ষার্থীদের এই সমস্যা হয়েছে, তাদের খাতাগুলো আলাদা করে মূল্যায়ন করা হবে। পাশাপাশি কী কারণে এই সমস্যা হয়েছে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।







