নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের তিন শিক্ষার্থীকে কুপিয়ে যখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩ মার্চ) সন্ধ্যায় বাসাইল এলাকায় কলেজ হোস্টেলে ফেরার পথে এ ঘটনা ঘটে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলো—পলাশ (১৭), রানা (১৯) ও তৌফিক (১৮)। এর মধ্যে গুরুতর অবস্থায় পলাশকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই তিন ছাত্র কলেজ অধ্যক্ষ মশিউর রহমান মৃধার পদত্যাগের প্রতিবাদ জানিয়ে রবিবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ আন্দোলনে অংশ নেন। এ সময় কলেজ অধ্যক্ষকে বহাল রাখার দাবি জানানো হয়। আন্দোলন শেষে স্থানীয় দোকানে আড্ডা শেষে শিক্ষার্থীরা বাসাইলে কলেজ হোস্টেলে ফিরছিল। হোস্টেলের কাছাকাছি পৌছলে অজ্ঞাত ৬-৭ জন তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাদের নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে ওসি সৈয়দুজ্জামান বলেন, ‘কী কারণে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে খতিয়ে দেখা হচ্ছে।’







