রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে আবু বক্কর (২৩) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) সকালে জেলা সদরের নিমতলা বিশ্বাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু বক্কর রেল লাইনের ওপর দিয়ে কানে হেড ফোন লাগিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন এ তথ্য জানান।
নিহত আবু বক্কর বালিয়াকান্দি উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের আমীর আলীর ছেলে। তিনি জেলা সদরের ভাণ্ডারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।
ওসি আকবর হোসেন বলেন, ‘আবু বক্কর কানে হেড ফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। কানে হেডফোন থাকায় ট্রেন আসার শব্দ তিনি শুনতে পান না। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাস্থল থেকে আমরা লাশটি উদ্ধার করেছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’







