গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক খসরুল আলমকে প্রাণনাশের হুমকির ঘটনায় ইটিই বিভাগের শিক্ষার্থী এস এম অলি উল্লাহকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নুরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
এদিকে প্রাণনাশের হুমকির ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককরা ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থীর বাবা মারা যায়। পরে ওই শিক্ষার্থীকে নিয়ে বাড়ি ফিরতে বিভাগীয় প্রধানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি ব্যবহারের আবেদন করে তার বন্ধুরা। তবে অর্থনীতি বিভাগের প্রধান খসরুল আলম কোনও গাড়ি দেওয়া যাবে না বলে জানিয়ে দেন। এ ঘটনায় অর্থনীতি বিভাগের ওই শিক্ষার্থীর বন্ধু ইটিই বিভাগের শিক্ষার্থী এস এম অলি উল্লাহ শিক্ষক খসরুল আলমকে ফোনে হুমকি দেন। পরে ওই শিক্ষক বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি অভিযুক্ত শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নুরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে জানতে বহিষ্কৃত শিক্ষার্থীর ফোনে একাধিকবার কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি।
এদিকে শিক্ষককে হুমকি দেওয়ার ঘটনায় দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের একের পর এক শিক্ষক হয়রানির ঘটনায় শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে শিক্ষাদান অসম্ভব হয়ে পড়বে বলে জানান তারা।
কর্মচারীদের অবস্থান কর্মসূচি
চাকরি স্থায়ীকরণ, বকেয়া বেতনসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত প্রায় ২০০ কর্মচারী অবস্থান কর্মসূচি পালন করেছেন। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান নেন। এসময় আন্দোলনকারী কর্মচারীরা বলেন, চাকরি স্থায়ীকরণ না হওয়ায় গত চার মাস ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এতে তারা মানবেতর জীবন যাপন করছেন। দ্রুত এসব সমস্যা সমাধান না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।







