গোপালগঞ্জের কোটালীপাড়ায় জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে নাদিম মোল্লা (২২) নামে এক যুবক মারা গেছেন। সোমবার (২০ এপ্রিল) রাত ৩টার দিকে তিনি মারা যান।
বান্ধাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মহব্বত আলী গোলদার বলেন, নাদিম মোল্লা কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি এসেছে। সোমবার রাত ৩টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। এসময় পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ এবং পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আশপাশের বাড়ির লোকজন তাদের সংস্পর্শে না যেতে বলা হয়েছে। বাড়িটি লকডাউন করা হয়েছে।
গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, এর আগে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। তাদের মধ্যে তিন জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি দু’জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।








