গোপালগঞ্জের মুকসুদপুরে নতুন করে একজন চিকিৎসক এবং কোটালীপাড়ায় একজন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে, করোনা আক্রান্ত মুকসুদপুর থানার সাত পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এর আগে টুঙ্গিপাড়ায় এক দম্পতি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ সাংবাদিকদের এ তথ্য জানান।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত ১৮ পুলিশ সদস্যসহ এ জেলায় মোট ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।বতর্মানে জেলায় ৩০ জন করোনা আক্রান্ত রোগী আইসোলেশনে রয়েছেন।
তিনি জানান, জেলার বেশ কয়েকজনের নমুনা আইইডিসিআর-এ পাঠানো হয়। সেখান থেকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক এবং কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্সের করোনাভাইরাসে আক্রান্তের পজিটিভ রিপোর্ট আসে। ওই চিকিৎসক এবং নার্সকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সিভিল সার্জন বলেন, 'করোনাভাইরাসে আক্রান্ত মুকসুদপুর থানার ৭ পুলিশ সদস্য সুস্থ হওয়ায় তাদের আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা সুস্থ হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।'
উল্লেখ্য, শনাক্ত ৩৯ জন রোগীর মধ্যে মুকসুদপুর থানার ১৮ জন পুলিশ সদস্যসহ ১৯ জন, কাশিয়ানী উপজেলায় পাঁচ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ছয় জন, টুঙ্গিপাড়া উপজেলায় সাত জন ও কোটালীপাড়া উপজেলায় দুজন রয়েছেন।







