মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফরিদপুর শহরে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ জন।
জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার দিবাগত রাতে (২৯ মার্চ) মারা যান শহরের খন্দকার হোটেল মালিক শহরের ঝিলটুলীর বাসিন্দা মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর রহমান হালিম (৭৩)। এর আগে সোমবার (২৯ মার্চ) সকালে তার স্ত্রী মেহেরুন নেসা (৭১) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেহেরুন নেসা ১০ দিন আগে ও তার স্বামী মিজানুর রহমান হালিমের ছয় দিন আগে করোনায় আক্রান্ত হন। স্বামী-স্ত্রী দুজনেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতির কারণে রবিবার (২৮ মার্চ) রাতে তাদের ঢাকায় পাঠানো হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, এ পর্যন্ত ফরিদপুরের ১২৬ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। এ সময়ে আক্রান্ত হন ৯ হাজারের মতো। যাদের মধ্যে গত এক সপ্তাহে মারা যান পাঁচ জন। এখনও ১৯২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।








