ঈদকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে গত কয়েকদিন ঘরমুখো মানুষের একরকম স্রোত তৈরি হয়েছে। তবে বৃহস্পতিবার (১৩ মে) সকালে যাত্রীদের চাপ গতকালের চেয়ে অনেক কম লক্ষ করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও কমতে শুরু করেছে।
ঘাটে ছোটবড় সব ধরনের যান ও ফেরিতে পার হচ্ছেন মানুষজন। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের বহরে থাকা ১৬টি ফেরির মধ্যে ১৪টি চলছে। তবে, বিআইডব্লিইটিসি কর্তৃপক্ষ দাবি করছে, সবগুলো ফেরি চলছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, সব ফেরি চলছে। ঘাটে গতকালের তুলনায় যাত্রী কম। ঘাটে প্রায় আড়াইশ’ যান আছে। তবে, ফেরিতে যান লোড করতে সময় বেশি লাগছে।
এদিকে, অনেক যাত্রীকে ফেরির পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারেও পদ্মা পার হতে দেখা গেছে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, ট্রলার চলাচল বন্ধ আছে। তবে, পুলিশের চোখ এড়িয়ে কিছু ট্রলার চলতে পারে। যেগুলো পদ্মা পার হয়ে মাঝিকান্দি ঘাটের দিকে যায়। এছাড়াও অনেকে ট্রলারে করে ফেরিতে ওঠার চেষ্টা করে।
উল্লেখ্য, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের গত কয়েকদিন ধরে বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভিড় ছিল। এর মধ্যে বুধবার (১২ মে) বাংলাবাজার ঘাট এলাকায় যাত্রীর চাপে ফেরিতে পদদলিত হয়ে ৫ জন মারা যান। আহত হন প্রায় ৫০ জন।









