কঠোর লকডাউনেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দেদারছে ব্যক্তিগত যানবাহন, ট্রাক ও দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে। এসব যানবাহনে করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পৌঁছেছেন সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে মহাসড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
এদিকে ভোর ৬টা থেকে সাতদিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। প্রজ্ঞাপনের বলা হয়েছে এসময় জরুরি সার্ভিস ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে ভিন্নচিত্র দেখা গেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করেছে দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা, অটোভ্যান ও বিভিন্ন ব্যক্তিগত যানবাহন।
এদিকে খোলা ট্রাক ও পিকআপে করে নিম্নআয়ের মানুষকে বৃষ্টিতে ভিজে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।
যানবাহনের চালক ও যাত্রীরা জানান, দিনে প্রশাসনের নজরদারি থাকায় মধ্যরাতের পর তারা ঢাকা ছেড়েছেন। রাস্তায় বিভিন্ন এলাকায় চেপপোস্ট পেলেও, কেউ গাড়ি থামায়নি। ফলে রাস্তায় তেমন কোনও বাধার মুখে পড়তে হয়নি বলেও জানান তারা।
তবে টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়াসির আরাফাত দাবি করেন, মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। চেকপোস্টগুলো থেকে নিয়মিতই যানবাহনকে মামলা দেওয়া হচ্ছে। এছাড়াও কিছু কিছু যান ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।









