উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। সেতু কর্তৃপক্ষে তথ্যমতে একদিনে প্রায় ৪৯ হাজার যানবাহন পারাপার হয়েছে। আর টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি টাকা।
সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত সেতু দিয়ে যাত্রীবাহী বাস, ট্রাক, লরি, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ ৪৮ হাজার ৪২৩টি যানবাহন পারাপার হয়েছে। সেতুর টোলপ্লাজায় আদায় হয়েছে দুই কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা।
এরমধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোলপ্লাজায় ৩২ হাজার ৫৩১টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ৪৬০ টাকা এবং সেতুর পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৮৯২টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ১১ লাখ ৩১ হাজার ৪৯০ টাকা। এতে গেল কয়েকদিনে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন পারাপারে রেকর্ড হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, আগের চেয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা বেড়েছে। এতে ৪৮ হাজার ৪২৩টি পরিবহনের বিপরীতে টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা। তবে গতকাল টোল আদায়ের পরিমাণ বেশি ছিল।









