গাজীপুরে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী আবু জিহাদ মণ্ডলের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মহানগরীর সদর থানার পশ্চিম ভুরুলিয়া এলাকার একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গাজীপুর মেটোপলিটন পুলিশের (জিএমপির) সদর থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, জিহাদ ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সমসপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। ময়নাতদন্তের জন্য তার লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
এসআই আল আমিন আরো জানান, আবু জিহাদ গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম ভুরুলিয়া এলাকার একটি মেসে থেকে লেখাপড়া করতেন। তিনি দুপুরে গামছা নিয়ে ওয়াশরুমে যান। কিছুক্ষণ পরে রুমমেট আব্দুল হালিম ওয়াশরুমে গিয়ে ভেন্টিলেটরের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। সে সময় আশপাশের লোকজন ছুটে গিয়ে আবু জিহাদকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।









