নারায়ণগঞ্জের রূপগঞ্জ নোয়াপাড়া ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবে দুই নারী নিখোঁজ হয়েছেন। বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন— চনপাড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে চৈতি (১৭) ও একই এলাকার তারা মিয়ার স্ত্রী জাবেদা (৪০)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চনপাড়া নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মন্টু কুমার দাস জানান, রূপগঞ্জের নোয়াপাড়া ঘাট থেকে একটি ডিঙ্গি নৌকা প্রায় ২০ জন যাত্রী নিয়ে চনপাড়া যাচ্ছিল। মাঝ নদীতে একটি লাইটার জাহাজ ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এতে করে নৌকায় থাকা ২০ যাত্রীর মধ্যে ১৮ জন সাঁতরে তীরে উঠতে পারলেও দুই নারী যাত্রী নদীতে তলিয়ে যান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, দুই নারী যাত্রীকে উদ্বার করতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। কিন্তু রাত বেশী হওয়ায় ডুবুরিরা পানিতে না নেমে নৌকা দিয়ে নদীতে খোঁজ করছেন।









