নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়াপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে পর্নো ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবরাহের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে র্যাব-১১-এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- মো. জাকির হোসেন (৩২), মো. আনোয়ার হোসেন (২৬) ও খোকন মোল্লা (২৬)। এ সময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি হার্ডডিস্ক ও ছয়টি কার্ড রিডার জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে নয়াপুর বাজার এলাকায় আনোয়ার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং দোকান পরিচালনার আড়ালে ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রকার পর্নো ভিডিও, অশ্লীল ছবি ও গান আদান-প্রদান করে আসছিলেন।
র্যাবের অনুসন্ধানে জানা গেছে, ব্যবসায়ী চক্রটি টাকার বিনিময়ে শিক্ষার্থীসহ বিভিন্ন উঠতি বয়সী তরুণদের মোবাইলে পর্নোগ্রাফি ভিডিও বিক্রয়, বিতরণ এবং সরবরাহ করে আসছিল। যুব সমাজকে অধঃপতনের হাত থেকে রক্ষা করতে এ চক্রের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।









