মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নিখোঁজের ১৮ ঘণ্টার পর হুমায়রা হিমু (১০) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার কনকসারের কাহেতারা এলাকার একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। হিমু স্থানীয় হানিফ বেপারীর মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ৩টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে হিমুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর না পাওয়ায় রাতে লৌহজং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করের হানিফ বেপারী। সকালে বাড়ির পাশের ডোবার পাশে একটি অর্ধ ভাসমান বস্তা কুকুরকে টানতে দেখে স্থানীয়রা। বস্তাটি খুলে লাশ পাওয়া যায়। থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
লৌহজং থানার এসআই রাজু মিয়া জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ ও তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত বলা যাবে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








