নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নিজের জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আমার বিরুদ্ধে র্দীঘ দিন ধরে একটি গোষ্ঠী অপ-প্রচার চালিয়ে আসছে। বিগত ২০১৬ সালের সিটি নির্বাচনের আগে আমাকে দুর্নীতিবাজ বানানোর জন্য শহরে জনতার আদালত বানিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, দুদকে চিঠি দিয়েছে। কিন্তু কোনও দুর্নীতি প্রমাণ করতে পারেনি। সেই ঘাপটি মেরে থাকা গ্রুপটি এবারে নির্বাচনে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গার প্রচারণা চালাচ্ছে, আমি নাকি নগরবাসীর ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা কথা । আমি কোনও ট্যাক্স বাড়াইনি।
বুধবার সন্ধ্যায় দেওভোগের নিজ বাড়িতে খেলাঘর আসর নারায়ণগঞ্জে নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় নৌকার প্রার্থী আইভী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের উদ্দেশে বলেন, তৈমুর কাকা আপনি আপনার ভোট চান, আমি আমার ভোট চাইবো। জনগণ যাকে ভোট দেবে, সেই বিজয়ী হয়ে সিটি করপোরেশনের মেয়র হবে। কারও প্রভাবে প্রভাবিত হয়ে সংঘাতে না জাড়িয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন করার অনুরোধ করেন।
দল ক্ষমতায় থাকার পরও নিজে কোন ঠাসা আইভী বলেন, আমি কোনঠাসা অবস্থায় থেকেই নির্বাচনে অংশ নেবো। আমি জানি তৈমুর আলম খন্দকার কাদের সহযোগিতায় নিয়ে মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছেন। এটা শহরবাসি সবাই জানে।
আইভী বলেন, আমি সিটি করপোরেশনের মেয়র দায়িত্ব পালনের সময় দলমতের ঊর্ধ্বে উঠে নগরবাসীর কল্যাণে কাজ করেছি। আওয়ামী লীগ, বিএনপি, হিন্দু, মুসলাম কোনও ভেদাভেদ করিনি। সিটি করপোরেশনের দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে ইচ্ছেকৃত ভাবে ক্ষতিগ্রস্থ করেনি। তবে দায়িত্ব পলান করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। সে সব ভুল ক্রুটি ভুলে গিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য তিনি সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, নারায়ণগঞ্জে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। এই উন্নয়ন কাজের একটি পয়সার সাথে ব্যক্তি আইভীর কোনও সম্পৃক্ততা নেই। এটা জোর দিয়ে ভোটারদের কাছে আপনারা বলতে পারবেন। আইভি কোনও দুর্নীতির সাথে জড়িত নয়।
খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রথিন চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, মুক্তিযোদ্ধ আহসান কবির রমজানসহ অনেকে।









