গাজীপুরে টেম্পোর সঙ্গে মিনিবাসের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বুধবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরের বাসন থানার ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসন থানার উপপরিদর্শক (এসআই) মতিউজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– টেম্পোযাত্রী স্থানীয় কড্ডা নান্দুন এলাকার বাসিন্দা গাউছ মিয়ার স্ত্রী মারুফা বেগম (৫৪) এবং একই এলাকার বাসিন্দা নুর আলমের ছেলে লিমন (১২)। লিমন নাওজোর মেধাবিকাশ কিন্ডার গার্টেনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
এসআই মতিউজ্জামান জানান, সকালে যাত্রীবাহী টেম্পোটি মহানগরের কোনাবাড়ি এলাকা থেকে যাত্রী নিয়ে চান্দনা চৌরাস্তা যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় পৌঁছালে পেছন থেকে তাকওয়া পরিবহন নামে মিনিবাস টেম্পোকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লিমন নিহত হয় এবং মারুফা গুরুতর আহত হন। স্থানীয়রা মারুফাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।









