নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের পাশ থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাস স্ট্যান্ডের পাশের একটি ঝোঁপ থেকে চাদর মোড়ানো অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। লাশ দুটির গলায় ওড়না ও মাফলার প্যাচানো ছিল।
নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন, শিবপুর মডেল থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের পাশে একটি ঝোঁপের মধ্যে সাদা চাদরে মোড়ানো দুটি লাশ দেখতে পায়। পরে শিবপুর থানায় খবর দিলে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শিবপুর মডেল থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া বলেন, শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়। মরদেহের সঙ্গে একটি ওড়না ও বিছানার চাদর পাওয়া গেছে। দূরে কোথাও হত্যার পরলাশ ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের শিকার দু’জনের পরিচয় জানতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।








