গাজীপুরের একটি ছনক্ষেত থেকে আগুনে পোড়া মাথার খুলি, হাত-পায়ের হাড়সহ ছয় টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পূবাইল থানার মেঘডুবি এলাকার সাবরিনা ড্রিম রিসোর্টের পাশের কাদিরার টেকের ছনক্ষেত লাশের টুকরোগুলো উদ্ধার করা হয়। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম বলেন, দুপুরে কয়েকজন নির্মাণশ্রমিক ছনক্ষেতের ভেতরে মাথার খুলি ও হাত-পায়ের হাড়সহ ছয় টুকরো লাশ দেখতে পান। তাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাথার খুলি, এক হাত ও দুই পায়ের খণ্ডিত হাড়সহ লাশের ছয় টুকরো উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থলের পাশে পড়েছিল একজোড়া স্যান্ডেল। উদ্ধারকৃত হাড়গুলো আগুনে পোড়া ছিল। ময়নাতদন্তের জন্য সেগুলো শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, ১০-১২ দিন আগে তাকে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ওসি জানান, লাশটি পুরুষ নাকি নারীর তা নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পিবিআই ও সিআইডি কাজ করছে। ঢাকার ফরেনসিক ল্যাবে লাশের নমুনা পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।








