পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ছেলেকে গলা কেটে এবং কুপিয়ে হত্যার ঘটনায় রিকশাচালক মফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে (২২ মার্চ) ঢাকার নয়াটোলা আমবাগ এলাকার আক্তারের রিকশা গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার আহসানুল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জনান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ও তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার (২০ মার্চ) রাতে গাজীপুর মহানগরের পূর্ব কলমেশ্বর এলাকার ভাড়া বাসায় স্ত্রী রহিমা ও ছেলে রোকনকে বটি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ রয়েছে মফিজের বিরুদ্ধে। পুলিশের চোখ ফাঁকি দিতে সে দাঁড়ি ছেটে ফেলে ও লেবাস পরিবর্তন করে। পুলিশের একাধিক টিম ঘটনার পর থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত তার খোঁজে ঢাকায় রিকশার শতাধিক গ্যারেজসহ তার গ্রামের বাড়ি টাঙ্গাইল ও ময়মনসিংহের শ্বশুরবাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়।








