সাভারে নিখোঁজের ৯ দিন পর সাকিব আল মামুন (১৮) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার বনগাঁও ইউনিয়নের পশ্চিম কোটাপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
সাকিব আল মামুন ওই এলাকার কাঞ্চন মিয়ার ছেলে। তিনি আমিনবাজার এলাকার মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, গত ১৭ মার্চ থেকে সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছির না। এরপর সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। শনিবার বিকালে একই এলাকার রাকিব হোসেন নামে একজনের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় নিখোঁজের পরিবার ঘটনাস্থলে সাকিবের লাশ শনাক্ত করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।









