নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর মিরাজ (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর সোয়া ২টায় সৈয়দপুর এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর পিলারের সামনে থেকে লাশ উদ্ধার করা হয়। মিরাজ গোগনগর ইউনিয়নের শহিদনগর এলাকার আব্দুল খায়েরের ছেলে। সে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, নিখোঁজের পর বুধবার (১৩ জুলাই) দুপুর থেকে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালানো হয়। আজ দুপুর সোয়া ২টায় লাশ উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার দুপুরে গোগনগরের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে ৫-৬ জন বন্ধু মিলে গোসল করতে নামে মিরাজ। এ সময় সাঁতরে শীতলক্ষ্যা নদীর পিলারের রেলিং ধরতে যাচ্ছিল তারা। তার বন্ধুরা সবাই সাঁতরে উপরে উঠতে পারলেও মিরাজ উঠতে পারেনি। সে পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় দুপুর থেকে ফায়ার সার্ভিস টিম উদ্ধার অভিযান শুরু করে সন্ধ্যায় শেষ করে। পরে বৃহস্পতিবার সকাল থেকে ফের অভিযান শুরু করে দুপুরে লাশ মেলে।








