যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, শিল্পায়ন ও নগরায়ণের ফলে গাছপালা দ্রুত কমে যাচ্ছে। ফলে প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ছে। এজন্য প্রকৃতি বৈরী আচরণ করছে। জীবনধারণের জন্য বৃক্ষ যেমন অক্সিজেন দেয় পাশাপাশি ফুল-ফল, ছায়া ও কাঠ দেয়। সর্বোপরি বৃক্ষ প্রকৃতিকে সুশোভিত করে। আমরা যদি একটি গাছ কাটি তার পরিবর্তে অন্তত তিনটি গাছ রোপণ করবো, এ প্রতিজ্ঞা থাকতে হবে।
শনিবার (২৩ জুলাই) বিকালে গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এবার বৃক্ষমেলার প্রতিপাদ্য হলো ‘বৃক্ষপ্রাণে-প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’। ঢাকা বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনিসুর রহমান।
অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বন বিভাগের কর্মকর্তা ফজল তরফদার, মীর বজলুর রহমান, নার্সারি মালিক রমজান আলী বক্তব্য রাখেন। মেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৪৫টি নার্সারির স্টল রয়েছে।








