জাহাঙ্গীরের অনিয়মের অভিযোগ তদন্তে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ

গাজীপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০২২, ২৩:১২আপডেট : ২০ আগস্ট ২০২২, ২৩:১২

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের নানা অনিয়মের তদন্ত শুরু করেছে কমিটি। শনিবার (২০ আগস্ট) নগর ভবনে বিভিন্ন নথিপত্র যাচাই, তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছেন কমিটির সদস্যরা। পরে বিভিন্ন নথিপত্রের অনুলিপি সংগ্রহ করে নিয়ে যান তারা।

টেন্ডারবাজিসহ অযৌক্তিক লোকবল নিয়োগ করার পাশাপাশি বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। গত বছরের ২৫ নভেম্বর মেয়রকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরে অভিযোগ তদন্তের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন অনুবিভাগ) মোস্তাকীম বিল্লাহ ফারুকীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন যুগ্ম সচিব অনুপম বড়ুয়া এবং উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম।

গত ১০ জানুয়ারি থেকে প্রায় সাত মাস ধরে তিন সদস্যের কমিটি তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। এ সময়ের মধ্যে কমিটির সদস্যরা গাজীপুরে বিভিন্ন প্রকল্প পরিদর্শন, ভুক্তভোগী লোকজনকে জিজ্ঞাসাবাদ, তথ্য-প্রমাণ সংগ্রহ করে সেগুলো পর্যালোচনা করেছেন। 

এছাড়া তদন্ত কমিটি একবার সাময়িক বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের শুনানি গ্রহণ করেছেন। বদলিজনিত কারণে তদন্ত কমিটির এক সদস্য অনুপম বড়ুয়া শনিবার উপস্থিত ছিলেন না।

সন্ধ্যায় নগর ভবনে তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, ‘কমিটি দিনভর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রাপ্ত বিভিন্ন অভিযোগ, সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। এ সময় তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তদন্ত কমিটির প্রধান বলেন, ‘ভুয়া দরপত্র, নির্দিষ্ট কোম্পানিকে দর দেওয়ার অনুরোধ সংক্রান্ত (আরএফকিউ) দরপত্রে অনিয়ম, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎ, প্রতি বছর হাটবাজার ইজারার টাকা যথাযথভাবে নির্ধারিত খাতে জমা না দেওয়া, বর্জ্য ব্যবস্থাপনায় অর্থ খরচের অনিয়ম, ভূমি দখল ও ক্ষতিপূরণ ছাড়া রাস্তা প্রশস্তকরণ সংক্রান্ত অভিযোগ, উন্নয়ন খাতের টাকা রাজস্ব খাতে স্থানান্তর করে ৯৯ কোটি ৯৫ লাখ টাকা কীভাবে কোথায় খরচ করা হয়েছে, এরকম ১০টি অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। যাতে কোনও বিষয় বাদ না পড়ে সেজন্য গুরুত্ব সহকারে তদন্ত চলছে।’

তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে। এজন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। ইতোমধ্যে জাহাঙ্গীর আলমের শুনানি গ্রহণ করা হয়েছে। তিনি লিখিতভাবে জবাব দিয়েছেন। আমরা সেটি যাচাই করছি। তিনি আরও শুনানিতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। প্রয়োজন হলে আবারও তার বক্তব্য নেওয়া হবে।
শনিবার সিটি করপোরেশনের যেসব কর্মকর্তার সঙ্গে তদন্ত কমিটি কথা বলেছে, তাদের মধ্যে রয়েছেন সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর হোসেন, প্রকল্প পরিচালক মজিবুর রহমান কাজল, হিসাবরক্ষক গোলাম কিবরিয়া, কয়েকজন নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা।

জাহাঙ্গীর আলম সিটি করপোরেশনের মেয়র থাকাকালে গত বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যসংবলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।  এ ঘটনায় গত বছরের ১৯ নভেম্বর দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

একই বছরের ২৫ নভেম্বর মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। 

অপরদিকে, অর্থ আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। 

দুদকের উপ-পরিচালক নারগিস সুলতানা ও সহকারী পরিচালক আশিকুর রহমানের সমন্বয়ে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। গত ২৬ জুন দুদকের সচিব মাহবুব হোসেন বিষয়টি গণমাধ্যমকে জানান।

দুদক সচিব বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের একটি অভিযোগ অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগটি অনুসন্ধানের জন্য একটি অনুসন্ধান টিম গঠনের প্রস্তাবসহ কমিশনের অনুমোদনের জন্য নথি উপস্থাপন করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
গাজীপুর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, জায়গা হয়নি জাহাঙ্গীরের
গত দুই নির্বাচনে ‘কামডা’ আমরাই কইরা দিছিলাম: জাহাঙ্গীর আলম
গাজীপুর থেকে এমপি হতে চান জাহাঙ্গীর আলম
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী