টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তিনটি বাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও সাভার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ সদরের চর রূপসা গ্রামের ছোরহাব শেখের ছেলে আমিনুল ইসলাম (৩০), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বয়ড়া গ্রামের মাখন বাদ্যকারের ছেলে শ্রী আনন্দ বাদ্যকার (৪০), গোপালগঞ্জের মোকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের ফজল শেখের ছেলে আজিজুল ইসলাম প্রকাশ আশিক (৩৯), টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বানিয়াবাড়ী গ্রামের মো. ইসমাইলের ছেলে মো. আলম (৩৮) ও মির্জাপুর উপজেলার উফুলকী গ্রামের যুগেন্দ্রনাথ সরকারের ছেলে বিপ্লব সরকার (৩২)।
জানা গেছে, গত ২৮ জুলাই রাতে কালিহাতী উপজেলার ইছাপুর এবং রৌহা পূর্বপাড়া গ্রামের তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত সদস্যরা দেশীয় অস্ত্র ধরে ভয়-ভীতি দেখিয়ে নগদ ৬০ হাজার টাকা, প্রায় ছয় লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, একটি এলএডি টেলিভিশন ও মোটরসাইকেল নিয়ে যায়। এ ঘটনায় কালিহাতী থানায় একটি মামলা করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায় মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ওসি হেলাল উদ্দিন বলেন, ‘আসামিদের মধ্যে আমিনুল ইসলামের হেফাজতে থাকা টেলিভিশন উদ্ধার করা হয়েছে। এছাড়া আজিজুল ইসলাম প্রকাশ আশিকের কাছ থেকে ডাকাতির নগদ আট হাজার টাকা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’









