ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বজলুর রহমান (৭০) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লার সস্তাপুর এলাকার একটি সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
বজলুর রহমান শহরের উত্তর চাষাঢ়া এলাকার মৃত. মৌলভী এলেম উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও নারায়ণগঞ্জ টেক্সেস বারের সাবেক সভাপতি।
নারায়ণগঞ্জ টেক্সেস বারের সভাপতি রতন কান্তি ধর জানান, ওই সিএনজি পাম্পের সামনে লিংক রোড পারাপারের সময় একটি সিএনজিচালিত অটোরিকশার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কি-না তা পরে বলা সম্ভব হবে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দুই সিএনজিচালিত অটোরিকশা বেপরোয়া গতিতে ছুটে আসছিল। এর মধ্যে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। স্থানীয়দের ধারণা, যানবাহন দুটি প্রতিযোগিতা করে যাচ্ছিল।
ফতুল্লা মডেল থানার ওসি মো. রিজাউল হক দীপু জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করেছে। পরে নিহতের স্বজনদের অনুরোধে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। অটোরিকশা চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









