মাদারীপুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আলাউদ্দিন ব্যাপারী (৩৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আলাউদ্দিন ভদ্রখোলা এলাকার রাজ্জাক ব্যাপারীর ছেলে।
আলাউদ্দিনের ভাতিজা রবিউল ব্যাপারী জানান, সকালে আলাউদ্দিন তার বাড়ির পাশে জমিতে পানি দেওয়ার জন্য যান। এ সময় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।’









