মাদারীপুরের শিবচরে পাটক্ষেতে শাক তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিপি বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাচিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
লিপি ওই এলাকার নুর হাবিব মাদবরের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রান্না করার জন্য লিপি তার বাড়ির পাশে একটি পাটক্ষেতে শাক তুলতে যান। এ সময় পাটক্ষেতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে সেখানে পড়ে থাকেন তিনি। পরে লিপির মেয়ে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তার মাকে খুঁজতে যায়। এ সময় মাকে ক্ষেতে পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। পরে তার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।








