অবৈধ কারেন্ট জাল তৈরি ও সংরক্ষণের মামলায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার গোসাইবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বিকাল ৫টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এর বিচারক মানিক দাস আগামীকাল শুনানির জন্য দিন ধার্য করে তাকে কারাগারে পাঠান।
এদিকে, গত ১১ মে মুন্সীগঞ্জ সদরে নৌ-পুলিশের অভিযানে ওই বিএনপি নেতার মালিকানাধীন কারখানা থেকে তিন কোটি ১১ লাখ মিটার কারেন্ট জালসহ চায়না জাল জব্দ করা হয়। উদ্ধার এসব জালের বাজার মূল্য ১০ লাখ টাকা। অভিযানের সময় থেকে বিএনপির এই নেতা পলাতক।
আদালত পুলিশের ইনচার্জ জামাল হোসেন জানান, এই বিএনপি নেতা দুই মামলার পলাতক আসামি ছিলেন। দুপুরে গ্রেফতার করে আদালতে পাঠালে বিচারক শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠান।
গ্রেফতার মহিউদ্দিন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাইয়ের ভাই।









