নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়াকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলার নয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হুমায়ুন বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দুপুরে চেয়ারম্যান হুমায়ুন উপজেলার নয়াপুর বাজারে আল আরাফাহ ব্যাংকে জমি বিক্রির টাকা জমা দেন। কাজ শেষে সড়কে বের হলে জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর ভাতিজা তায়েব শিকদারের নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে করে ছয় যুবক আসেন। এসময় এক মোটরসাইকেল থেকে এক যুবক ৪ রাউন্ড গুলি ছুঁড়ে তাকে হত্যাচেষ্টা চালায়।
ইউপি চেয়ারম্যান হুমায়ুন বলেন, ‘সাবেক চেয়ারম্যানের ভাতিজা তায়েব শিকদারের নেতৃত্বে ছয় জন এসে আমাকে হত্যাচেষ্টা চালিয়েছে। অল্পের জন্য আমি রক্ষা পেয়েছি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
অভিযোগ অস্বীকার করে তায়েব শিকদার বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত না। ওই স্থানের আশেপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেগুলো যাচাই করলেই সব পরিষ্কার হয়ে যাবে।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, চেয়ারম্যানকে গুলি ছুড়ে হত্যাচেষ্টার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









