গাজীপুরে বকুল (১৪) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। সে রংপুরের মিঠাপুকুর উপজেলার হযরতপুর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে পুলিশ মহানগরীর বাসন থানাধীন পেয়ারাবাগান এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করে।
নিহতের দাদি সখিনা বেগম জানান, তার বাবা এলাকায় রিকশা চালায়। সোমবার (২৪ জুলাই) বাড়ির পাশের একটি মাঠে খেলার সময় বকুলের সঙ্গে তার বন্ধুদের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন দুপুরের পর থেকে সে নিখোঁজ হয়। মাঝেমধ্যেই পেয়ারাবাগান এলাকায় দাদির কাছে থাকতো। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার দুপুরে ওই এলাকার জনৈক সিদ্দিকুর রহমানের পরিত্যক্ত একটি ঘরে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি সানোয়ার জাহান জানান, খবর পেয়ে বিকালে নিহতের লাশ উদ্ধার করা হয়। তার নাক দিয়ে রক্ত ঝরছিল এবং ডান চোখের ওপরে কাটা দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাতের পর শ্বাসরোধে হত্যা করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।









