আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের প্রতি কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেছেন, ‘সারাদেশে ঘণ্টা বাজাবো, মা বলে গো বলার সুযোগ পাবে না বিরোধীদল।’
শামীম ওসমান বলেন, ‘আর মাত্র কিছুদিন বাকি আছে। এই মাসের ১৯ দিন এবং অক্টোবরের ৩০ দিন আছে। এর আগেই খেলা শেষ হয়ে যাবে, চিন্তা কইরেন না। কই যাইবো বিএনপি, কই যাইবো জামায়াত। সবই জানি, কিছু বলছি না। শুধু একসঙ্গে নামেন মাঠে, মা রে কইয়া গো কওয়ার সুযোগ পাইবো না তারা।’
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারাদেশে ঘণ্টা বাজানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আজ নারায়ণগঞ্জে জাতির পিতার কন্যাকে নিয়ে ওরা অশ্লীল ভাষায় নোংরা গালাগাল দিচ্ছে। এগুলো কি আমরা মেনে নেবো? নান্নু আর সোহাগ এক হুজুররে ধরছে বলে তাদের নাকি পায়ের নিচে পিষে মেরে ফেলবে। আর আমরা বসে বসে লেমন জুস খাবো! সকালে ঠিকমতো জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ শহর খালি (ফাঁকা) হয়ে যাবে। বড় বড় পদ-পদবিধারীরা কিছু করে কিনা দেখলাম। নেত্রীকে নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে গালি দেয়, তা-ও তারা কিছু বলে না। তখন চিন্তা করলাম, এখন সময় হয়েছে ঘণ্টা বাজানোর। সারাদেশে ঘণ্টা বাজাবো।’
বিএনপির সঙ্গে নারায়ণগঞ্জসহ ঢাকায় গিয়ে লড়াইয়ের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে একজন আছে পলিটিক্যাল প্রস্টিটিউট। তিনি একবার করেছেন আওয়ামী লীগ, এরপর জাতীয় পার্টি তারপর বিএনপি, এরপর আবার জাতীয় পার্টি হয়ে আওয়ামী লীগ ঘুরে বিএনপিতে গেছে। এসব নেতারা বলেছেন, পুলিশ ছাড়া রাস্তায় নামতে। গত কয়েকদিন আগে আমি বলেছি, পুলিশও তোদের দিয়ে দিলাম, এবার বল কখন নামবি। নেত্রীকে নিয়ে যদি গালাগালি বন্ধ না করোছ, কখন নামতে চাস আর কখন খেলতে চাস বল। ২৪ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত শেষ করে ঢাকায় গিয়ে বাকি খেলা খেলবো, ইনশাআল্লাহ।’
ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী দুই-তিন মাস বাংলাদেশের রাজনীতিতে একাত্তরের স্বাধীনতা সংগ্রামের চেয়ে নোংরা খেলা হবে। কি ধরনের ষড়যন্ত্র আপনাদের ধারণা নাই। কঠিন খেলা হবে। তবে সামনের শত্রু সমস্যা নয়, সমস্যা হচ্ছে পেছনের খন্দকার মোশতাক আর মীর জাফররা।’
এ সময় সবাইকে এক হয়ে আগামী দিনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান শামীম ওসমান। সভায় সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি সামছুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত ও সহসভাপতি মাসুদুর রহমান মাসুমসহ অনেকে।









