বিএনপির ডাকা তৃতীয় দফার চলমান অবরোধের সমর্থনে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার সিঅ্যান্ডবি এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন। এ সময় বিক্ষোভকারীরা মহাসড়কের আনসার মোড় এলাকায় কয়েকবার প্রদক্ষিণ করেন।
বিক্ষোভে অংশ নেন- গাজীপুর জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শরিফ সিদ্দিকী, শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীবুল বেপারী, যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম নয়নসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।









