মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় ইবরাহীম (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থী উপজেলার মাদবরেরচর ইউনিয়নের লপ্তীকান্দি এলাকার হিরু খানের ছেলে ও মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় শিবচরের মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকায় রেল লাইনের পাশে আড্ডা দিচ্ছিল। এ সময় ভাঙ্গা থেকে আসা ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে তাকে ঢাকা নেওয়ার পথে মারা যায়।
স্থানীয় নাজমুল হোসেন নামে একজন বলেন, আমার বাড়ির পাশে ছেলেটির বাড়ি। ভদ্র ছেলে ছিল। শুনেছি ট্রেন যাওয়ার সময় ধাক্কা লেগে পাশে লাইনের পাথরের উপরে পড়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা নেওয়ার পথে মারা যায়।
জাবের হোসেন নামে মাদবরেরচর এলাকার এক শিক্ষার্থী বলেন, তারা একসঙ্গে কয়েকজন ছিল রেল লাইনের ওপর। কেমনে আহত হয়েছে সেটা বলা যাচ্ছে না। সে আহত হলে ওরা সবাই হাসপাতালে নিয়ে আসে। মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রচুর রক্ত বের হয়েছে।
শিবচর থানার ওসি সুব্রত গোলদার ঘটনা নিশ্চিত করে জানান বলেন, একটি দুঃখজনক ঘটনা।









