মানিকগঞ্জে মঙ্গলবার রাত ১টার দিকে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে ৫ পুলিশ গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় ডাকাত সর্দার জসিম মোল্লাকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ পুলিশ। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সুদক্ষিরা গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার বেলা একটায় মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘটনাটি সাংবাদিকদের জানানো হয়।|
পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সূত্রে সিংগাইর থানা পুলিশ জানতে পারে সুদক্ষিরা গ্রামের কাছে মাজাকাত কোম্পানির প্রজেক্ট অফিসের পাশে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র নিয়ে অবস্থান করছিল।
এসময় সিংগাইর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছা মাত্র ডাকাতরা গুলি ছোড়ে ও বোমা হামলা করে। বাধ্য হয়ে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় অন্য সদস্যরা পালিয়ে গেলেও আহত অবস্থায় ধরা পড়েন ডাকাত সর্দার জসিম মোল্লা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি শর্টগান, বেশ কয়েক রাউন্ড কার্তুজ, চারটি হাত বোমাসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র।
অপরদিকে ডাকাতের ছোড়া বোমায় এসআই কাজী সালেহ আহম্মেদ, এসআই ওহিদুল ইসলাম, এ এস আই রাজীব, কনেস্টবল মো. আকরাম, কনেস্টবল মাসুদ রানা আহত হন। গুরুতর আহত ডাকাত সর্দার জসিম মোল্লাকে (৩৮) প্রথমে সিংগাইর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে সিংগাইর থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত জসিমের বিরুদ্ধে ঢাকার নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা এবং সিংগাইর থানায় পাঁচটি ডাকাতির মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় জসিমসহ অজ্ঞাত ১৫-১৬ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে। এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে থানায় এসব মামলা করেছেন।
/জেবি/টিএন/







