আশুলিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের চার সদস্য। শুক্রবার আশুলিয়ার নবীনগর, জামগড়া ও বিশমাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ইউপি সদস্যের পরিচয় পাওয়া গেছে। তার নাম আব্দুর রহমান। তিনি ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।
আহত পুলিশ সদস্যরা হলেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই মো. মেহেদী হাসান (৩৫), কনস্টেবল সবুজ (২৬), সালাউদ্দিন (২৯) ও পুলিশ ভ্যানের চালক জাহাঙ্গীর (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ধামরাই এলাকা থেকে মোটরসাইকেলে সাভারের উদ্দেশ্যে রওনা দেন ইউপি সদস্য আব্দুর রহমান। দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, শুক্রবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস অজ্ঞাত পরিচয় এক তরুণীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অন্যদিকে, বৃহস্পতিবার রাত থেকেই আশুলিয়া থানার উপ পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল পুলিশ নবীনগর এলাকায় টহল ডিউটি পালন করছিল। শুক্রবার ভোর রাতের দিকে পুলিশের ওই ভ্যানটি ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে। এ সময় পেছন থেকে আসা অপর একটি বাস ওই পুলিশ ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানের ভেতরে থাকা পুলিশের চার সদস্য আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির দুর্ঘটনার বিষয়গুলো নিশ্চিত করে বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় পৃথক মামলা করা হয়েছে বলেও তিনি জানান।
/বিটি/
আপ: এইচকে







